UsharAlo logo
, |

দ. আফ্রিকায় অপারেশন ডুডুলা আতঙ্কে অধিকাংশ বাংলাদেশি দোকান বন্ধ

ঊষার আলো
আগস্ট ২৯, ২০২২ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: দক্ষিণ আফ্রকার জোহানেসবার্গের আশপাশের বেশ কিছু এলাকায় শনিবার সকাল থেকে প্রবাসীদের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে জোহানেসবার্গ শহরের ফোর্ডসবার্গ, মেফেয়ার, ড্রাগন সিটি, পালম কন্টিনেন্টাল, ওসব্রো ও চায়না মল এলাকায় পূর্বের ঘোষিত বিক্ষোভ মিছিল করেছে অপারেশন ডুডুলা। মিছিল চলাকালীন সামনে পেছনে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে অপারেশন ডুডুলা সম্পন্ন হয়েছে।

তাদের দাবি, অবৈধ ফরেনারদের ফিরিয়ে দেওয়া, দোকান ও মলে অবৈধ কোনো ফরেনার না রাখা। তারা কোনো ধরনের হামলা ভাঙচুর, লুটপাট কিংবা কাউকে আক্রমণ করবে না বলে আয়োজকরা জানিয়েছে। শুধুমাত্র মলগুলোর কর্তৃপক্ষের কাছে তাদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করবে।

এ বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চারিদিকে উত্তেজনা ছড়িয়েছে। বাংলাদেশিসহ অন্যান্য প্রবাসী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ভয়ে সকাল থেকে অধিকাংশ দোকানপাট বন্ধ করে রেখেছেন। বিক্ষোভ মিছিল শেষে দুপুরের দিকে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। পূর্বের মতো স্বাভাবিক পরিবেশে সবাই দোকানপাট চালু করেন।

ঊষার আলো-এসএ