UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নারীর ফাঁদ থেকে পালাতে গিয়ে খুন হলেন তিনি

ঊষার আলো
অক্টোবর ৮, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: বগুড়ার শাজাহানপুরে নারীর পাতানো ফাঁদ থেকে পালাতে গিয়ে জাকির হোসেন (৪৫) নামে একজন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কৈগাড়ি এলাকায় হোমিও কলেজের পাশে এ ঘটনা ঘটে।

রাতেই পুলিশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছে পাওয়া হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।নিহতের স্ত্রী মমতাজ বেগম এ ব্যাপারে শাজাহানপুর থানায় হত্যা মামলা করেছেন।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী। ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ডের জন্য গ্রেফতার ২ জনকে আদালতে হাজির করা হয়েছে।

গ্রেফতার প্রতারক চক্রের সদস্যরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পূর্বপাড়ার মৃত মিলনের ছেলে একটি অস্ত্র মামলার আসামি আশরাফুল ইসলাম আশা (২৪) ও একই এলাকার শহিদুল ইসলাম খোকনের ছেলে মোস্তফা কামাল কমল (২৫)।

আসামিরা পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানান, তারা নারীসহ একটি প্রতারক চক্র গড়ে তুলেছেন। নারী সদস্যদের দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে টার্গেট করেন। নানা অসিলায় তারা ওইসব ব্যক্তিদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। ফোনে মিসকল দিলে পুরুষ সদস্যরা ঘরে ঢুকে তাদের ব্ল্যাকমেইল করেন। আপত্তিকর ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ তারা ২০১৪ সালে অবসর গ্রহণকারী সেনা ল্যান্স কর্পোরাল জাকির হোসেনকে টার্গেট করেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাচিয়াখালি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাকির বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের পাশে শাকপালায় পরিবার নিয়ে বসবাস করেন। এছাড়া শাকপালা মোড়ে তার চায়ের দোকান রয়েছে।

প্রতারক চক্রের দুই নারী সদস্য গত শুক্রবার অবসরপ্রাপ্ত সেনাসদস্য জাকির হোসেনকে একই কায়দায় ফাঁদে ফেলেন। সন্ধ্যায় তাকে শাজাহানপুরের কৈগাড়ি জবান স্কুলের পাশের ভাড়া বাসায় ডেকে নেন। ফোনে সংকেত পেয়ে আশা ও কমলসহ কয়েকজন বাড়িতে ঢুকে জাকিরকে আটক করেন। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ তোলেন।

একপর্যায়ে প্রতারকরা তার (জাকির) কাছে থাকা দুই হাজার ৩০০ টাকা ও বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা তুলে নেন। সন্ধ্যার দিকে সুযোগ বুঝে জাকির হোসেন ওই বাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন আশরাফুল ইসলাম আশা ধাওয়া করে জাকিরের পিঠে ছুরিকাঘাত করেন। জাকির এ অবস্থায় দৌড়ে রাস্তায় চলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান।

রাত সাড়ে ৭টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আলী হায়দার চৌধুরী জানান, খুন হওয়া জাকির হোসেনের মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে আসামিদের শনাক্ত করা হয়। রাতেই নিহতের স্ত্রী শাজাহানপুর থানায় হত্যা মামলা করেন। এরপর শাজাহানপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যায় সরাসরি জড়িত আশরাফুল ইসলাম আশা ও মোস্তফা কামাল কমলকে গ্রেফতার করা হয়। তাদের কাছে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার ও হত্যার সার্বিক বর্ণনা দেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই হাসান হাফিজুর জানান, শনিবার দুপুরে আশা ও কমলকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায়ের জন্য বগুড়ার আদালতে হাজির করা হয়েছে।

ঊষার আলো-এসএ