UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে রূপান্তরের লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত

ঊষার আলো
জানুয়ারি ১৯, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : দাকোপ উপজেলায় রূপান্তর আয়োজিত এক লার্নিং শেয়ারিং সভায় জানানো হয়েছে, করোনার অতিমারিতে ক্ষতিগ্রস্ত তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছেন। আজ থেকে দেড় বছর আগে প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় যে কর্মসূচি শুরু করা হয়েছিল ইতোমধ্যেই তার সুফল পাওয়া যাচ্ছে। দাকোপ উপজেলার ৫১৯টি পরিবার এখন নতুন করে ভালভাবে বাঁচার জন্য স্বপ্ন দেখছেন। সফলতার জন্য পরিশ্রম করছেন।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (SCREAM) প্রকল্পের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস।

রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলার নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস।

বক্তৃতা করেন উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সাংবাদিক মামুনুর রশীদ, আজগর হোসেন সাব্বির, পানখালির ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ, লাউডোব ইউপি’র প্যানেল চেয়ারম্যান লিপি মন্ডল, চালনা বাজার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্যা, চালনা কলেজের প্রভাষক লিপিকা বৈরাগী, উপকারভোগীদের মধ্যে বক্তৃতা করেন মেরিনা পারভীন, লিভা দাশ, মোমেনা বেগম, শিরিনা বেগম, অলোক রায়, তাপস শীল, সুরঞ্জন ঢালী ও স্নেহলতা সরদার।

স্বাগত বক্তৃতা করেন স্ক্রিম প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ।

সভার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং অফিসার সৈয়দা শবনম সুবহা।

অনুষ্ঠানের প্রধান অতিথি এই প্রকল্প বাস্তবায়নের জন্য রূপান্তরকে সাধুবাদ জানিয়ে বলেন, এই প্রকল্প থেকে আর্থিক সুবিধাপ্রাপ্ত মানুষদের দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসার আয় থেকে সংসার পরিচালনার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ ও সঞ্চয়ের উদ্যোগ নিতে হবে। এই প্রকল্পের পক্ষ থেকে আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়া ১৬২টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর ফলে তারা ঘরের পাশাপাশি জীবিকারও সুযোগ পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন কর্মসূচীকে আরও ফলপ্রসু করার জন্য তিনি রূপান্তর-কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, দাকোপের ৫১৯টি প্রান্তিক পরিবারকে প্রথমে উদ্যোক্তা সৃষ্টির জন্যে প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেককে ২৫ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এদের মধ্যে প্রতিবন্ধী ০৩ জন, বিধবা ৩১ জন, স্বামী পরিত্যক্তা ২৩ জন, হতদরিদ্র ৩১৬ জন, দলিত ১৩৬জন, বাঘ বিধবা ও বাঘে ধরা ১০জন। সহায়তা পাওয়া মানুষদের মধ্যে বর্তমানে প্রাণীপালন (হাঁস, মুরগী, গরু, ছাগল, ভেড়া, শুকর) করছেন ২০৪জন, বাঁশ ও বেতের কাজ করছেন ৬১ জন, মুদি ব্যবসায় নিয়োজিত ৪৩ জন, চায়ের দোকান পরিচালনা করছেন ৪০জন, কাপড়ের ব্যবসা করছেন ৫৯জন এবং অন্যান্য ট্রেডে রয়েছেন ১১২ জন। এই বিপুল সংখ্যক মানুষকে নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে, একজন সফল উদ্যোক্তা নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করেন, প্রান্তিক মানুষের জীবন দক্ষতার সাথে ভৌগলিক অবস্থার সমন্বয় করে প্রশিক্ষণ দিলে তা বেশী ফলপ্রসু হয়, একজন উদ্যোক্তা দুই বা তথোধিক নতুন উদ্যোক্তা তৈরী করছেন, উপকারভোগীদের বিনিয়োগে স্বাধীনতা থাকায় বহুমুখী স্থিতিশীল ব্যবসার সুযোগ সৃষ্টি হচ্ছে এবং পরিবেশবান্ধব বিনিয়োগের ফলে পরিবেশবান্ধব উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (SCREAM) প্রকল্পের পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট জেলার ৫টি উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থিতিশীল জীবিকা নির্বাহের জন্য ২৭০০ পরিবারকে অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি দাকোপ ও মোংলা পৌরসভায় পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টি কার্যক্রম, কোভিড প্রতিরোধ ব্যবস্থাপনা কার্যক্রম, সামাজিক সুরক্ষা কর্মসূচী বাস্তবায়নে এ্যাডভোকেসি, উদ্যোক্তাদের পণ্য সহজলভ্য ও প্রচারে বিক্রয় পদ্ধতির উন্নয়ন এবং উদ্যোক্তাদের ধারাবাহিক মেন্টরিং করা হচ্ছে।