UsharAlo logo
, |

অস্ট্রেলিয়ার নাগরিক ম্যালকমের চিকিৎসায় এগিয়ে এলেন আইজিপি পত্নী

koushikkln
মে ২৮, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিক অসুস্থ ম্যালকম আরনল্ডের চিকিৎসায় এগিয়ে এলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা। তার চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেছেন পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) এই সভাপতি। ম্যালকমের আঁকা অবিক্রিত দু’টি ছবি এক লাখ টাকার বিনিময়ে কিনে নিয়েছেন তিনি।

আজ শনিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা মাদ্রাসা রোডে ম্যালকমের ভাড়া বাড়িতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সাথে কথা বলেন জীশান মির্জা। এসময় তিনি ম্যালকমের শারিরীক অবস্থার খোজ খবর নেন। চিকিৎসায় আর্থিকভাবে সহযোগীতা করার জন্য ম্যালকমের আঁকা ঈগল পাখি ও তিত পাখির দু’টি ছবি কিনতে চান তিনি। তখন ম্যালকম ও তার স্ত্রী হালিমা বেগম সানন্দে ছবি দুটি দিতে রাজি হয়ে যান। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার হাতে ছবি দুটি তুলে দেন। এরপর পুলিশ কমিশনার ম্যালকম দম্পতির হাতে নগদ টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুর রহমান ও সরদার রাকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার এহসান শাহ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সোনালী সেন, সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক।

ম্যালকমের স্ত্রী হালিম বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, ‘ম্যালকম দীর্ঘ দিন ধরে অসুস্থ। তার চিকিৎসা ও ওষুধের জন্য অনেক টাকা প্রয়োজন। এতো টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। ম্যালকমের আঁকা কিছু ছবি বিক্রি করা ছাড়া বিকল্প আয়েরও কোন ব্যবস্থা আমাদের জানা নেই।’ তিনি জীশান মির্জাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা তার কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের এই বিপদের মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি এর আগেও সহযোগীতা করেছিলেন। আমরা তার জন্য দোয়া করি।’

পুলিশ কমিশনার মাসুুদুর রহমান ভূঞা বলেন, ‘আইজিপি মহোদয়ের স্ত্রী বিভিন্ন সময় অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। কারও অসুস্থতা ও অসহায়ত্ব দেখলে তিনি সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তারই ধারাবাহিকতায় অসুস্থ ম্যালকমের দু’টি ছবি কিনে তাকে আর্থিকভাবে সহযোগীতা করেছেন।’ এসময় কেএমপি কমিশনার ম্যালকম দম্পতিকে যে কোন সহযোগীতা করারও আশ্বাস দেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, আইজিপি মহোদয়ের স্ত্রী আমাদের পুলিশ নারী কল্যান সমিতির সভাপতি। তিনি দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের মাঝে নিয়মিত সহায়তা প্রদান করে থাকেন। ম্যালকমের বিষয়ে তিনি আগে থেকেই জানতেন। সম্প্রতি অসুস্থতার কথা শুনে তাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি ম্যালকমের আঁকা দু’টি ছবি ১ লাখ টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। আমরা ম্যালকম দম্পতির হাতে নগদ ৪০ হাজার টাকা তুলে দিয়েছি। বাকী ৬০ হাজার টাকাও এখন পাঠিয়ে দেব।
উল্লেখ্য, ১৮ বছর আগে ২০০৪ সালে প্রথম বাংলাদেশে এসেছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক ম্যালকম আরনল্ড। পরে আবার বাংলাদেশে এসে হালিমা বেগম নামের এক নারীকে ভালোবেসে খুলনায় থেকে যান তিনি। বর্তমানে সোনাডাঙ্গা মাদ্রাসা রোডের একটি ভাড়া বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন এই দম্পতি। তাঁদের দুঃখকষ্ট তুলে ধরে মিডিয়ায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। এর আগে গত বছরের ডিসেম্বরেও ম্যালকমের দু’টি ছবি ১০ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেছিলেন জীশান মির্জা।