UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আচরণবিধি ভাঙায় চার ম্যাচ নিষিদ্ধ সাকিব আল হাসান

ঊষার আলো
জুন ১২, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আচরণবিধি ভাঙায় ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান।

গতকাল শুক্রবার (১১ জুন) আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে লাথি দিয়ে স্টাম্প ভাঙায় সাকিবকে এই শাস্তি দেওয়া হয়েছে।

ঘটনাটা ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে। লক্ষ্য তাড়ায় নেমে ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে আবাহনী। তারপর নিজের প্রথম ওভারের শেষ বলে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন সাকিব। তবে আম্পায়ার সাকিবের আবেদনে সাড়া না দিলে লাথি মেরে স্ট্যাম্প ভাঙে মোহামেডানের অধিনায়ক।

তার পরের ওভারে বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব তার দুই হাতে স্টাম্প উপড়ে ফেলে মাটিতে আছড়ে মারেন। মাঠ ছাড়ার সময় আবারও ঝামেলায় জড়ান সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আবাহনী লিমিটেডের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের সাথেও বাকবিতণ্ডা হয় তার।

প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ন্ত্রক কমিটি সিসিডিএমের পক্ষ থেকে আজ শনিবার (১২ জুন) সাকিব আল হাসানকে ৪ ম্যাচের জন্য নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হলো।

তবে মাঠে অসদাচরণের জন্য শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিব জানান, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা নিজের মেজাজ হারানোর জন্য আমি আন্তরিকভাবে খুব দুঃখিত। একই সাথে ম্যাচের আবহ নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তবে মাঝে মাঝে দুর্ভাগ্যবশত এ রকম হয়ে যায়। এমন মানবিক ভুলের কারণে আমি দল, ম্যানেজমেন্ট ও টুর্নামেন্টের কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি যে ভবিষ্যতে এমনটা আর হবে না। ধন্যবাদ ও সবার জন্য ভালোবাসা।’

(ঊষার আলো-এফএসপি)