ঊষার আলো রিপোর্ট : আজ রবিবার সারা দেশে ভূমি-গৃহহীন পরিবার এবং ১ থেকে ১০ শতাংশ জমি রয়েছে কিন্তু ঘর নেই বা জরাজীর্ণ ঘর রয়েছেÍআশ্রয়ণ প্রকল্প-২-এর দ্বিতীয় পর্যায়ে এমন ৫৩ হাজার ৩৪০টি পরিবার স্থায়ী ঠিকানা পাচ্ছে। দেশের কয়েকটি উপজেলায় এই ঘর উদ্বোধনে ভার্চুয়ালি ঢাকার গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ প্রত্যেক উপকারভোগীর হাতে জমিসহ ঘর, কবুলিয়ত, দলিল, নামজারি ও গৃহসনদ হস্তান্তর করা হবে। স্থায়ী আশ্রয়স্থল পেতে যাওয়া মানুষগুলো এরই মধ্যে মেতেছে উচ্ছ্বাস-উল্লাসে।
গরিব-অসহায় মানুষের মধ্যে যাদের জমি রয়েছে, কিন্তু ঘর তৈরির সামর্থ্য নেই তারা বিনামূল্যে এই ঘর পাচ্ছে। আর যাদের জমিটুকুও নেই তাদের দুটোই দেওয়া হচ্ছে কোনো খরচ ছাড়া। এতে স্থায়ী ঠিকানা পেয়ে পাল্টে যাবে অসহায় ব্যক্তিদের জীবনমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বার ক্ষমতা গ্রহণের পর মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গরিব-অসহায় মানুষের জন্য বিশেষ কিছু করতে চাচ্ছিলেন। সে অনুযায়ী গত বছরের জুন মাসে সারা দেশে ২ শ্রেণিতে আট লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করা হয়। এই তালিকা ধরে পর্যায়ক্রমে ঘর দেওয়া শুরু করেছে সরকার। চলতি বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬৯ হাজার ৯০৪টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হবে।
চলমান এই প্রকল্পে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আরো ১ লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনা মূল্যে জমিসহ ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। এই কার্যক্রম পরিচালিত হচ্ছে ‘আশ্রয়ণ প্রকল্প-২’ শিরোনামে। সারা দেশে মাঠ প্রশাসনের মাধ্যমে সরাসরি এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
(ঊষার আলো-এম.এইচ)
