ঊষার আলো ডেস্ক : ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছেন ৬০ বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি পেয়েছেন মোট ১৭.৮ মিলিয়ন ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ি পান ৩.৩ মিলিয়ন ভোট।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন হেডকোয়ার্টার থেকে এ তথ্য জানা যায়।
এরই মধ্যে বিজয়ী প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহসেন রেজায়ি এবং আবদুননাসের হেম্মাতি। আজ শনিবার (১৯ জুন) পৃথক পৃথক বার্তায় তারা অভিন্দন জানান।
বর্তমান প্রেসিডেন্ট রুহানিও টেলিভিশনে দেওয়া বক্তব্যে নির্বাচিত প্রেসিডেন্টকে তার অভিনন্দন জানিয়েছে বলেও জানা যায়। কিন্তু তিনি নির্বাচিত প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি।
সংস্কারপন্থী প্রার্থী হেম্মাতি ইনস্টাগ্রামে দেওয়া একটি বার্তায় রায়িসিকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি আশা করেন যে রায়িসি মহান ইরানি জাতির জীবনযাত্রা উন্নত করবেন ও তাদের জন্য সমৃদ্ধি বয়ে আনবেন।
রক্ষণশীল প্রার্থী কাজিজাদেহ হাশেমিও জানান, আমি জনগণের ভোটকে সমর্থন জানিয়ে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আমার অভিনন্দন জানাচ্ছি।
আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করলেও এ নির্বাচনে তার প্রতি রক্ষণশীল শিবিরের ব্যাপক সমর্থনের দেখা মেলে।
(ঊষার আলো-এফএসপি)
