ঊষার আলো ডেস্ক : গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় ১৯ মে বুধবার সকাল পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার সকালে ইসরায়েলি বিমান থেকে মধ্যগাজার একটি আবাসিক ভবন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।
গাজার স্থানীয় ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন।
আল-জাজিরার হিসেবে, বুধবার সকালে নিহত ৩ জনসহ এসব হামলায় ২২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত ৬৫ শিশু। এ ছাড়া আহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
এদিকে ইসরায়েলি এসব হামলার জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ আন্দোলনগুলো। এসব রকেটে ১ ভারতীয় নারীসহ অন্তত ১২ ইসরায়েলির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ ইসরায়েলি শিশুও রয়েছে। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছে অন্তত ৩০০ জন।
প্রসঙ্গত, ইসরায়েলের দখলদারিত্বকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছিল জেরুজালেমে। গত ৯ মে রোববার লাইলাতুল কদরের রাতে আল-আকসায় নামাজ আদায় শেষে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে।
সংঘর্ষের পর থেকে আল-আকসা মসজিদ ও তৎসংলগ্ন এলাকা ঘিরে রাখেছে ইসরায়েলি পুলিশ। এর জেরে আল-আকসা থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় দিয়ে হুঁশিয়ারি দেয় হামাস। কিন্তু ইসরায়েল ওই হুমকিকে আমলে না নিলে ১০ মে সন্ধ্যার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস। তারপর থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
(ঊষার আলো- এম.এইচ)
