ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার কপালে শনির দশা যেন ছাড়ছেই না। গত বছর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় যুক্ত হওয়ার পর থেকেই যেন তার নামের সঙ্গে জড়িয়ে গেছে একের পর এক বিতর্ক।
শুটিং সেটে সহশিল্পীকে মারধর থেকে শুরু করে শাড়ি-কাণ্ডের জেরে ফ্যাশন হাউসের সঙ্গে আইনি লড়াই—সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন এই অভিনেত্রী। অন্যদিকে, তার অভিনীত প্রথম বাণিজ্যিক সিনেমা সোলজার এর মুক্তিও অনিশ্চয়তার মুখে পড়েছে এমন গুঞ্জন ছড়িয়েছে।
শাড়ি সংক্রান্ত পূর্বের একটি মামলায় ফ্যাশন ডিজাইনার ও বাদী সানায়া চৌধুরীকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সম্প্রতি তানজিন তিশার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে আগের মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি দিলে আদালত অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন।
এরপরই সোমবার (২৬ অক্টোবর) নতুন এই মামলাটি করেন সানায়া। আদালত এই মামলায় আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
এর মধ্যে গত সোমবার বিকালে সোশ্যাল মিডিয়ায় তিশা ও সানায়ার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যেখানে তাদের শাড়ি নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা হতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তিশাকে বলতে শোনা যায়, ‘আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।’ এই অডিও প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত কটাক্ষের শিকার হয়ে অবশেষে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিশা। সেখানে তিনি দাবি করেন, তার ক্যারিয়ার ও অর্জন ধ্বংস করার জন্য একটি পরিকল্পিত চক্র সক্রিয় রয়েছে।
ওই পোস্টে অভিনেত্রী প্রশ্ন তোলেন—শুধু অভিযোগের ভিত্তিতেই কি কাউকে দোষী সাব্যস্ত করা যায়, নাকি এর সত্য-মিথ্যার বিচার হওয়া উচিত আদালতে? তার কাছে অনেক তথ্য ও প্রমাণ থাকলেও সেগুলোর সঠিক বিচার আদালত করবে নাকি দায়িত্বশীল সাংবাদিকতা—সেই প্রশ্নও রাখেন তিনি।
ব্যক্তিগত ও আইনি ঝামেলার পাশাপাশি বড় ধাক্কা এসেছে অভিনেত্রীর পেশাগত জীবনেও। তিশা অভিনীত প্রথম বাণিজ্যিক সিনেমা ‘সোলজার’ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তার গুঞ্জন চলছে। প্রায় এক মাস ধরে শোনা যাচ্ছে, পরিচালক দফায় দফায় শিডিউল নিয়েও সিনেমাটির শুটিং শেষ করতে পারেননি।
শুধু তাই নয়, শিল্পী ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক বকেয়া থাকা ছাড়াও গুরুতর অভিযোগ উঠেছে যে, সিনেমার কাজ শেষ না করেই সেই টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন পরিচালক সাকিব ফাহাদ।
উল্লেখ্য, এই সিনেমার জন্যই ওপার বাংলার সিনেমার কাজ ছেড়েছিলেন এবং নাটকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছিলেন তানজিন তিশা। তবে শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত সিনেমাটিই এখন মুক্তি নিয়ে অনিশ্চয়তার মুখে।
ঊষার আলো-এসএ
