UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এনটিভিতে ‘মা বাবা ভাই বোন’

ঊষার আলো
এপ্রিল ৫, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: প্রখ্যাত উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মা বাবা ভাই বোন’ অবলম্বনে এনটিভিতে ৫ এপ্রিল রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। নাটকটি প্রতি সপ্তাহের রোব, সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে।

হাসান রেজাউলের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, তামিম মৃধা, শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, তাসনুভা তিশা, শম্পা রেজা, শেলী আহসান, অবিদ রেহান, ফাতিমা আক্তার আদিবা, সাজু খাদেম, পঙ্কজ, এ কে আজাদ সেতু, জয়নাল জ্যাক প্রমুখ।

পুরান ঢাকার ভাড়া বাসাটা এই মাসেই ছেড়ে দিতে হবে শামীম সাহেবের। তিনি একজন আদর্শবাদী শিক্ষক। অবসরের দোর গোড়ায় এসে দাঁড়িয়েছেন। এ সময় বাড়ি ছাড়াটা বিপদজনক। বাসায় আপাতত তার স্ত্রী জাহানারা, ছোট মেয়ে শিউলি আর ছোট ছেলে রুমী থাকে। শিউলি ভার্সিটির শেষ বছরে আর রুমী সদ্য কলেজ পাশ করেছে। বছরখানেক আগেও এই পরিবারে আরও তিনজন ছিল। বড় ছেলে ইমতিয়াজ তার স্ত্রী বৃষ্টি ও ফুটফুটে মেয়ে আলিয়াকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল ছোট্ট একটা ঝগড়ার কারণে। ঝগড়াটা আসলে একটা বাহানা। ধনী পরিবারের এক ছেলেকে বিয়ে করে বড় মেয়ে বকুল চলে গেছে কানাডা। নিয়ে গেছে বাবার পিএফ এর জমানো টাকা।

বড় দুই ছেলে-মেয়ে শামীম সাহেবকে শুধু আর্থিকভাবে বিপন্ন করেনি, মানসিকভাবেও ভেঙ্গে দিয়েছে। অগ্যতা শামীম সাহেব স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে উঠেন টিনের দুই কামড়ার বাসায়। শিউলির ভার্সিটি, ইমতিয়াজের অফিস, বৃষ্টির বাপের বাড়ি, রুমীর বন্ধু-বান্ধব চারিদিকে কথা শুরু হয়ে যায়, শামীম সাহেবেরা বস্তিতে উঠেছেন। সবাই অপমানিত ও বিব্রত। এ রকম একটি গল্প নিয়েই এগিয়ে যায় নাটকটি।

ঊষার আলো-এসএ