UsharAlo logo
, |

এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজীর ইন্তিকাল, জানাজা ও দাফন সম্পন্ন

ঊষার আলো ডেক্স
এপ্রিল ৭, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

এমইউজে-বিএফইউজেসহ বিভিন্ন মহলের শোক

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা-এর সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনবার্তার সম্পাদক আব্দুল খালেক আজীজী (৭১) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুর আড়াইটায় সোনাডাঙ্গায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে মরদেহ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

সাংবাদিকতায় আব্দুল খালেক আজীজীর দীর্ঘ কর্মজীবন ছিল সমৃদ্ধ। তিনি ১৯৭০-এর দশকে ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা শুরু করেন এবং দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা প্রেসক্লাবের প্রথম নির্বাচনে সহ-সম্পাদক নির্বাচিত হন এবং ক্লাবের লাইব্রেরি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাহিত্য সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও এমইউজেসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সাংবাদিকতায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ঊআা-রহ