খুলনার উপকূলীয় অঞ্চলে আমন ধান কাটার পর দীর্ঘদিন অনাবাদী পড়ে থাকা জমিতে এবার বিনা চাষে আলু, রসুন ও সূর্যমুখী চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। এ উদ্যোগ বাস্তবায়ন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে দাকোপ উপজেলার পারচালনা এলাকায় স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান।
খুলনার সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ওএফআরডি’র সিএসও ড. মো. কাওসার উদ্দিন আহম্মেদ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদা খাতুন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, উপপরিচালক মো. নজরুল ইসলাম এবং এসএসও ড. অপূর্ব কুমার চাকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিনা চাষে আলু, রসুন ও সূর্যমুখীর চাষে ভালো ফলন পাওয়া যাচ্ছে এবং এতে কৃষকদের খরচও অনেক কম। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি কৃষক এই প্রযুক্তি গ্রহণ করবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসটি সঞ্চালনা করেন বিএআরআই খুলনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাফা কামাল শাহাদাৎ।
ঊআ-রহ
