UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন-বিক্ষোভ মিছিল

koushikkln
এপ্রিল ২৭, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খুলনা প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সাল থেকে জনবল কাঠামো না থাকার কারনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতবেক নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকগণ সরকারি সুযোগ-সুবিধার (এমপিও) বাইরে রয়েছেন। একই প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট ও ডিগ্রি শিক্ষকগণ এমপিওভুক্ত হলেও অনার্স-মাস্টার্স শিক্ষকগণ বিধি মোতাবেক নিয়োগ পেয়েও দীর্ঘ ২৯ বছর থেকে চরম বেতন বৈষম্যের মধ্যে রয়েছেন। অন্যদিকে কামিল (মাস্টার্স) শ্রেণির শিক্ষকগণ এমপিওভুক্ত হয়েছেন। অথচ অনার্স-মাস্টার্স শিক্ষকগণ এনটিআরসিএ সনদধারী হয়েও জনবল ও এমপিও নীতিমালায় অন্তর্ভূক্ত না থাকায় এমপিওভুক্ত হতে পারছেন না, যা চরম বৈষম্য এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। জাতীয় শিক্ষানীতি-২০১০ এর অধ্যায়-০৮-এ বর্ণিত উচ্চ শিক্ষার কৌশল বাস্তবায়নের জন্য এসকল শিক্ষকের এমপিওভুক্ত করা অত্যন্ত যৌক্তিক। এমপিওভুক্ত না করার কারনে প্রান্তিক পর্যায়ের প্রায় সাড়ে তিন লাখ গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বেসরকারি অনার্স কলেজে গলাকাটা টিউশন ফি দিয়ে পড়াশুনা করতে হচ্ছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় প্রতিমাসে ১২ কোটি টাকা হিসেবে বছরে ১৪৪ কোটি টাকা বাজেটে ব্যয়বরাদ্দ হলেই ৫,৫০০ জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। আমাদের দাবি, আসন্ন ভর্তি কার্যক্রম শুরুর আগেই কর্মরত মাত্র ৫,৫০০ জন বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষককে এমপিওভুক্তির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অন্যথায় আগামী ১৬ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এমপিওভুক্তির দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, শিক্ষক ফেডারেশনের বিভাগীয় সম্পাদক তরিকুল ইসলাম,  খুলনা জেলা শাখার সভাপতি বিণয় সাহা ও সাধারণ সম্পাদক সন্দীপ দাস।প্রভাষক জ্যোতি বিশ্বাস, সাইফুল ইসলাম, সুব্রত মন্ডল, শুক্রাচার্য্য রায়, শানজিদা শবনম, উত্তম মন্ডল, মিহির মন্ডলসহ বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনান্য শিক্ষক নেতৃবৃন্দ।