খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘গাইডলাইনস ফর আইএবি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এসময় তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা অর্জনে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্কিটেকচার শিক্ষার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইএবি অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি কুয়েটের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান এবং আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আবু জাকির মোর্শেদ। এতে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর সেক্রেটারি (প্রফেশন) আর্কিটেক্ট এম. ওয়াহিদ আসিফ ও সেক্রেটারি (সেমিনার অ্যান্ড কনভেনশন) আর্কিটেক্ট সাইদা আক্তার মুমু।
কুয়েট আইকিউএসি-এর ডিরেক্টর প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আইএবি অ্যাক্রেডিটেশন অর্জনের গাইডলাইন, কারিকুলামের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আর্কিটেকচার শিক্ষা নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় আর্কিটেকচার বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
