শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক একাডেমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুয়েটের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ আরশাদ হুসাইন।
চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর এ সমঝোতা কার্যকর থাকবে। পরে উভয় পক্ষের পারস্পরিক সম্মতিক্রমে এর মেয়াদ বাড়ানো যাবে। এর আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক তথ্য ও উপকরণ আদান-প্রদানে সহযোগিতা করবে।
এ সমঝোতার ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে। পাশাপাশি শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে কুয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পারভেজ আহম্মেদ, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মো. রোকনুজ্জামান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন, উপপরিচালক প্রফেসর ড. মো. রিজভী কায়সারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এ সময় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের পোস্টডক্টরাল ফেলো ড. সাজিদুল হুসাইন এবং সিনিয়র রিসার্চ ফেলো রাহুল দেব উপস্থিত ছিলেন।
ঊআ- মোচৌ
