ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে নিজ স্ত্রী ও শিশুসহ ৩জনকে গুলি করে হত্যার অপরাধে পুলিশের এএসআই সৌমেন রায়ের নামোল্লেখসহ মামলা দায়ের হয়েছে। রোববার (১৪ জুন) রাত সাড়ে ১১টায় নিহত আসমার মা হাসিনা বেগম বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।
নিহত আসমার মা কুমারখালী উপজেলার হাসিনা খাতুন বলেন, রবিবার সকালে সৌমেন শহরের বাবুর আলী গেটের নিকটস্থ আমাদের ভাড়া বাসা থেকে আসমাকে সাথে নিয়ে খুলনার উদ্দেশ্যে বের হয়।এরপর লোকমুখে শুনতে পাই আসমা কুষ্টিয়া সদর হাসপাতালে। সেখানে যেয়ে দেখি আমার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, ‘সৌমেন গত ২দিন আগে খুলনা থেকে এসে আমাদের বাসায় ওঠে। গতকাল আমার মেয়েকে খুলনায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২ জনের মধ্যে গন্ডগোল হয়েছিল। কিন্তু বুঝি নাই এমন ঘটনা ঘটতে পারে। আমি এর বিচার চাই। নিহত আসমা খাতুনের মা হাসিনা বেগম বাদি হয়ে মেয়ে ও নাতি ছেলে হত্যার দায়ে পুলিশ সদস্য এ এস আই সৌমেন রায়ের বিরুদ্ধে মামলা করেছেন বলে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত দাস এ তথ্য নিশ্চিত করেন।
(ঊষার আলো-আরএম)
