UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুবিতে গোপনে ছাত্রীর ভিডিও ধারণে ছাত্রকে গণপিটুনি

koushikkln
এপ্রিল ৫, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গোপনে এক ছাত্রীর ভিডিও ধারণ করার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে আটকে রাখা হয়েছে। জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলাম নগরের শাহ শিরীন সড়কের একটি ছাত্রী মেস থেকে ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। এরপর মঙ্গলবার (০৫ এপ্রিল) ভোরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সিসিটিভি ক্যামেরা দেখে ওই ছাত্রকে শনাক্ত ও আটক করে। এরপর তাঁকে গণপিটুনি দেওয়া হয়। তাঁকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের হস্তক্ষেপে অভিযুক্তকে হল থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে এনে রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, ‘রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে রাখে এবং মারধর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে পুলিশে সোপর্দ করতে চাইলে শিক্ষার্থীরা অস্বীকৃতি জানায়। সকালে তাঁকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে আনা হয়।’

বর্তমানে অভিযুক্ত শিক্ষার্থীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।