UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পিআইবির মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক প্রশিক্ষণ সমাপ্ত

Mohon Chowdhury
অক্টোবর ১৪, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেক বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৭০ জন সাংবাদিকের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন-এর সম্পাদক মোস্তফা সরোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি সফট স্কিল অর্জন করতে হবে। এতে তাঁদের কাজের ক্ষেত্র ও সুযোগ বাড়বে। তিনি সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা সুচিন্তিত ও দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, দেশকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জরুরি। সাংবাদিকতা ও জনগণের সুরক্ষার স্বার্থেই ফ্যাক্টচেকিং করতে হবে। এ লক্ষ্যেই পিআইবি দেশজুড়ে সাংবাদিকদের প্রশিক্ষিত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে মোস্তফা সরোয়ার বলেন, এআই সাংবাদিকদের কাজ সহজ করছে। তবে যাচাই-বাছাই ছাড়া এআইয়ের দেওয়া তথ্য ব্যবহার করলে ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, যা সাংবাদিকতার জন্য ঝুঁকিপূর্ণ।

গত ১২ অক্টোবর এ প্রশিক্ষণ শুরু হয়। খুলনা প্রেসক্লাবে খুলনা জেলার ৩৫ জন সাংবাদিক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আইকিউএসি ট্রেনিং রুমে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩৫ জন সদস্য এতে অংশ নেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, মোবাইল জার্নালিজম, সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার এবং ভুয়া সংবাদ শনাক্তকরণের আধুনিক কৌশল হাতে-কলমে শেখানো হয়।

ঊআ- মোচৌ