UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বর্জ্য পৃথকীকরণে কেসিসির পাইলট কার্যক্রম শুরু

Mohon Chowdhury
নভেম্বর ২১, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

গৃহস্থালি বর্জ্য উৎস থেকেই পৃথকভাবে সংরক্ষণ ও অপসারণের অভ্যাস গড়ে তুলতে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) বর্জ্য পৃথকীকরণের পাইলট কার্যক্রম শুরু করেছে। শনিবার (২১ নভেম্বর) সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় বাস্তবায়িত হেলদি সিটি প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নতুন এ উদ্যোগ সফল করার প্রত্যাশা নিয়ে কাজ শুরু হয়েছে। কাজটি কঠিন মনে হলেও নগরবাসীর কাছে সঠিকভাবে উদ্যোগের বিষয়টি পৌঁছে দেওয়া গেলে তা সহজ হবে। আধুনিক বিশ্বের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে তাল মিলিয়ে খুলনা শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থী, বাজার, বিভিন্ন কমিউনিটি ও ওয়ার্ড পর্যায়ে নাগরিক সভা-সমাবেশের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ডিসেম্বরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দুটি এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার একটি প্ল্যান্ট চালু হওয়ার কথা রয়েছে। এসব প্ল্যান্ট সফলভাবে পরিচালনার প্রস্তুতি হিসেবে নগরীর ২৫, ২৬ ও ৩০ নম্বর ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় প্রায় ৫০০ বাড়িতে টানা পাঁচ দিন বর্জ্য পৃথকভাবে সংগ্রহ করা হবে।

প্রাথমিকভাবে বাড়ির উৎসেই পচনশীল ও প্লাস্টিক বর্জ্য আলাদা করা হবে। পরে বর্জ্য সংগ্রহকারীরা সংগৃহীত বর্জ্য পুনরায় পৃথক করে ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠাবেন। পাইলট কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য ওয়ার্ডেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।

হেলদি সিটি ফোরামের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও কিন আপ খুলনা এ কার্যক্রমে অংশ নিচ্ছে। সংগঠন দুটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে বাসিন্দাদের সচেতন করবেন। এ ছাড়া ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহে কেসিসিকে সহায়তা দেবে বেসরকারি সংস্থা সিয়াম।

অনুষ্ঠানে প্রশাসক বিডি ক্লিন ও কিন আপের সদস্যদের হাতে বর্জ্য পৃথকভাবে সংরক্ষণের জন্য সাদা ও হলুদ রঙের ব্যাগ, গ্লাভস, মাস্ক এবং বাড়ি বাড়ি বিতরণের জন্য লিফলেট তুলে দেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবীর উল জব্বার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলদি সিটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ