খুলনা নগরীতে সদ্য রোপণ করা সরকারি গাছ নষ্ট, ক্ষতিসাধন এবং গাছের জায়গা দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।
সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে নগরীতে ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে কেসিসি। এরই মধ্যে বিভিন্ন উন্মুক্ত স্থানে প্রায় ২৩ হাজার ৫০০টি গাছ রোপণ করা হয়েছে।
কেসিসি সূত্রে জানা যায়, বিশেষায়িত হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের এলাকা, মুজগুন্নী মহাসড়কের নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত, নিরালার মোড়, নিরালা সিটি কলেজ হোস্টেল ও তাবলিগ মসজিদের সামনেসহ নগরীর বিভিন্ন স্থানে এসব গাছ লাগানো হয়েছে।
তবে সম্প্রতি গাছগুলোর ক্ষতিসাধনের ঘটনা নজরে এসেছে কর্তৃপক্ষের। কোথাও হকার ও ব্যবসায়ীরা গাছের জায়গা দখল করে দোকানপাট বসাচ্ছেন, আবার কোথাও ইট, বালু, খোয়া ও নির্মাণসামগ্রী গাছের ওপর ফেলে রাখা হচ্ছে। এতে চারাগাছ ও সুরক্ষাবেষ্টনী ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশেষ করে দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা থেকে বিজিবি ৩ নম্বর গেট পর্যন্ত মুজগুন্নী মহাসড়কে রোপণ করা ২০০টির বেশি গাছ নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাবলা দক্ষিণপাড়ার বাসিন্দা শেখ মো. ইব্রাহিমের বিরুদ্ধে তাঁর পালিত ৮ থেকে ৯টি গরু ছেড়ে দিয়ে গাছ নষ্ট করার অভিযোগ করা হয়েছে। ওয়ার্ড সচিব শেখ মো. জুলফিকার আলী জানান, বারবার সতর্ক করার পরও গরু ছেড়ে রাখায় সবুজায়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়ে ২৬ নভেম্বর দৌলতপুর থানার ওসির কাছে জিডি বা অভিযোগের মাধ্যমে জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
এ ছাড়া নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা গাছের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেএমপি পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে কেসিসি। প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে খুলনা সদর, সোনাডাঙ্গা মডেল, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার ওসি এবং কেসিসির এস্টেট অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কেসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রম রক্ষায় রোপিত গাছ নষ্ট করা কিংবা গাছের জায়গা দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঊআ-মোচৌ
