খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনকে পর্যায়ক্রমে অ্যাক্রেডিটেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘বিএসি প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন রিডিনেস: স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন ফর ক্লাস্টার টু অ্যান্ড থ্রি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষকদের দক্ষতা, অভিজ্ঞতা ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে সব ডিসিপ্লিনকে অ্যাক্রেডিটেশনের আওতায় আনতে হবে। ক্লাস্টার-১ থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাস্টার-২ ও ৩-এর ডিসিপ্লিনগুলোও এ কার্যক্রম সহজে সম্পন্ন করতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, শিক্ষকদের প্রচেষ্টায় ইতোমধ্যে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও অ্যাক্রেডিটেশনের আবেদন সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।
ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, অ্যাক্রেডিটেশন অর্জনের প্রক্রিয়া এগিয়ে নিতে শিক্ষকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের দক্ষতা ও সক্ষমতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এ উদ্যোগ সফল করতে হবে।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে বিএসি অ্যাক্রেডিটেশনের রোডম্যাপ, প্রস্তুতি এবং ক্লাস্টার-১-এর ডিসিপ্লিনগুলোর অভিজ্ঞতা নিয়ে কেস প্রেজেন্টেশন করা হয়। সেশন পরিচালনা করেন উপাচার্য, আইকিউএসি পরিচালক এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। সমাপনী সেশন পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন।
কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিন, ক্লাস্টার-২ ও ৩-এর অন্তর্ভুক্ত ডিসিপ্লিনগুলোর প্রধান এবং পিএসএসি সদস্যরা অংশগ্রহণ করেন।
ঊআ-মোচৌ
