UsharAlo logo
, |

খুলনায় সাত দিনব্যাপী কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে বিএনপি

Mohon Chowdhury
নভেম্বর ৬, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

 

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের তৎকালীন রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে খুলনায় সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে মহানগর বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকেল ৩টায় জিয়া হল চত্বরে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যা ৬টায় নগরীর বিভিন্ন স্থানে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়া হল চত্বর ও শহীদ হাদিস পার্কে, শ্রমিক দলের উদ্যোগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে, ছাত্রদলের উদ্যোগে রূপসার ট্রাফিক মোড়ে এবং যুবদলের উদ্যোগে চিত্রালী বাজারে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় খালিশপুর থানা বিএনপির উদ্যোগে কেসিসি সুপার মার্কেটে, ১১ নভেম্বর সন্ধ্যা ৬টায় দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর দুপুর আড়াইটায় জাসাস খুলনা মহানগরের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল ও লিয়াকত আলী মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১৪ নভেম্বর বিকেল ৩টায় সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে কেডিএ অডিটোরিয়ামে, ১৫ নভেম্বর বিকেল ৩টায় সদর থানা বিএনপির উদ্যোগে খুলনা প্রেসক্লাবে এবং ১৬ নভেম্বর বিকেল ৩টায় খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে ফুলবাড়ীগেটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে দিবসের কর্মসূচি সফল করতে শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, অ্যাডভোকেট মোহাম্মাদ আলী বাবু, রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ মজিবর রহমান, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান মিলটন, প্রফেসর জয়নাল আবেদীন, আনসার আলী, ইস্তিয়াক আহমেদ ইস্তি, কাজী আব্দুল জলিল ও আবু দাউদ দ্বীন মোহাম্মাদসহ নেতৃবৃন্দ।

সভা থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের কর্মসূচি সফল করায় নেতাকর্মী ও খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ঊআ-মোচৌ