প্রতিবেদক: মোহন চৌধুরী
খুলনা নগরীর রয়েলের মোড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের মালিক শহিদুল হক রাসেল জানান, ঘটনার সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা মিহির সাহা কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় একদল লোক এসে প্রতিষ্ঠানের ব্যানার, চেয়ার-টেবিল, কম্পিউটার ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। পাশাপাশি কার্যালয়ের ক্যাশ বক্সে থাকা টাকাও নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
শহিদুল হক রাসেলের দাবি, প্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘টুঙ্গিপাড়া’ শব্দটি যুক্ত থাকায় এ হামলার ঘটনা ঘটেছে। তবে শুধু নামের কারণে প্রতিষ্ঠানটিকে গোপালগঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট মনে করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মালিকপক্ষ।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া কলের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খুলনা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সুদীপ শাহীন জানান, তাঁরা ৯৯৯-এর কল পেয়ে ঘটনাস্থলে এসেছেন। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
