UsharAlo logo
, |

খুলনায় কুমিল্লার ঘটনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট : যুবক গ্রেফতার

ঊষার আলো
অক্টোবর ২৮, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার লবনচরা থানা এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীদের উত্তপ্ত করতে কুমিল্লার ঘটনা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৯টায় লবনচরার বোখারীয়া জামে মসজিদের সামনে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্র জানায়, বুধবার রাত সোয়া ৯টায় খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লবনচরার খুলনা টু সাতক্ষীরা হাইওয়ে সড়কের পাশে বোখারীয়া জামে মসজিদের সামনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও উস্কানি দেওয়ার অপরাধে ফেসবুক এ্যাডমিন উত্তম মজুমদার(৩১) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উত্তম সাইবার অপরাধের সংগে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। উত্তম মজুমদার বরিশাল বিএম কলেজ থেকে এমএ সম্পন্ন করে খুলনায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করে আসছিলো। গত ১৩ অক্টোবর থেকে উত্তম মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিলো।

সে নিজে উক্ত পেজের এ্যাডমিন এবং তার সমমনা আরও কয়েকজন ব্যক্তিকে এ্যাডমিন হিসেবে নিযুক্ত করে। খুব দ্রুতই উক্ত পেজের সদস্য ও ফলোয়ার কয়েক হাজার ছাড়িয়ে যায়। এই ফেসবুক পেজ থেকে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার এবং উস্কানিমূলক পোস্ট প্রদান করা হচ্ছিলো এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সহিংসতা বিস্তার করার অপতৎপরতা চলছিলো।

ওই ফেসবুক পেজে পার্শ্ববর্তী দেশসমূহে ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ঘটনার ভিডিও আপলোড করে জনমনে ভয়-ভীতি তৈরিসহ উস্কানি প্রদান করা হচ্ছিলো। অভিযুক্ত উত্তম মজুমদার প্রতিটি পোস্ট হ্যাশট্যাগ করে এই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।

ওই ফেসবুক পেজ এ উত্তম মজুমদার তার ফেসবুক পোস্টে বলেন “শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে কুমিল্লা নগরীর পূজামন্ডপে হনুমানের মূর্তির পায়ের উপর পবিত্র কুরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে উস্কানিমূলক পোষ্ট, নোয়াখালীতে ধর্ষণের স্বীকার সেই ১০ বছরের বোনটির ডেড বডি, হিন্দুদের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, আর কতো ভাঙ্গবি, বাংলাদেশে চলমান হিন্দু গণহত্যার প্রচেষ্টার জেরে আসাম-বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা ধিক্কার সেই হিন্দুদের যাদের ১০টা #হ্যাজট্যাগ দিতে কষ্ট হয়, চাঁদপুরের হাজীগঞ্জে ০৩ জন এবং নোয়াখালীর চৌমুহনীতে ০২ জনসহ মোট ০৫ জন ধর্ষিত, নোয়াখালীর বর্তমান অবস্থা ১৯৪৬ সালের মতো হয়ে গেছে।

সবাই সাবধানে থাকবেন,  রাগ দুঃখ ক্ষোভ নিয়ে ১০ বছরের গণধর্ষণের শিকার মেয়েটি আত্মহত্যা করলো, এই দায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর,  দেশে এতো বড় একটা দুঃখের ঘটনা ঘটার পরেও যারা মন্দিরের সামনে মেয়ে নাচিয়ে ফুর্তি করে তারা হিন্দু নামের কলঙ্ক, নেটওয়ার্ক বন্ধ করে হামলা ব্যর্থ বাংলাদেশের সরকার ও প্রশাসন, সোনাইমুড়ির হামলায় দাড়িয়ে দাড়িয়ে দেখতেছে আইন শৃঙ্খলা বাহিনী, আহা সোনার বাংলা, পুলিশ দিয়ে সংখ্যালঘু নির্যাতন করে দিস…… সহ সনাতনীবন্ধু নামক ফেসবুক মেসেঞ্জার গ্রুপে একটি অডিও বার্তা পাওয়া যায়, যেখানে সরকার বিরোধী আন্দোলনের কথা প্রকাশ পায়”।

প্রাথমিকভাবে উত্তম মজুমদার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি। উত্তম মজুমদারের মনে হতো এই দেশে হিন্দু সম্প্রদায় নির্যাতিত। তাই তাদের নিয়ে নেতিবাচক ও বিভ্রান্তিকর পোস্ট করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা উত্তপ্ত হবে। আইন শৃংখলা বাহিনী ও মিডিয়া নিরব আছে মর্মে এটাই তার মোটিভ ছিলো বলে ধারণা করা হয়।

গ্রেফতারকৃত আসামী উত্তম মজুমদারকে লবনচরা থানায় হ্তান্তর করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়।

 

(ঊষার আলো-আরএম)