UsharAlo logo
, |

খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

ঊষার আলো
সেপ্টেম্বর ৮, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক (৫৫) নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন। বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১২ টার পর নগরীর খানজাহান আলী থানার আফিলগেট বিকেএসপির সামনে বাইপাস রোডে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত এসআই আব্দুল হক যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়ীয়া গ্রামের আফতাব আলী সরদারের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাতে করে খানজাহান আলী থানার কয়েকজন পুলিশ সদস্য বুধবার রাতে ডিউটিতে ছিলেন। রাত ১২ টার দিকে এস আই আব্দুল হক আফিলগেট বিকেএসপি বাইপাস রোডের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামেন।

এসময় খুলনা থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রতিদিন রাতে বাইপাস রোডে আমাদের ডিউটি থাকে।

বুধবার রাতেও ছিল। সিএনজিতে আমাদের কয়েকজন পুলিশ সদস্য ও একজন এসআই আব্দুল হক ডিউটিতে ছিলেন। রাত ১২ টা ৫ মিনিটের সময় সিএনজি থেকে নেমে তিনি একপাশে অবস্থান করছিলেন। এ সময় আফিলগেটগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ