ঊষার আলো রিপোর্ট : খুলনা নগরীতে স্বামীকে সাজানো মামলায় কারাগারে প্রেরণ করে তার অর্ধ কোটি টাকা মূল্যের পশু বিক্রি করে দিয়েছে দুর্বৃত্তরা।
হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা ময়লার ভাগাড়ে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী বনানী অধিকারী ন্যায় বিচারের দাবিতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি তালুকদার আঃ খালেকের নিকট বুধবার (২৫ জানুয়ারি) লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বনানী অধিকারের স্বামী ভবেশ অধিকারী দেড় লাখ টাকা দিয়ে ময়লার ভাগাড়ে শুকুর পালনের অনুমতি পান। সে মতে, তিনি শুকর পালন শুরু করেন। তার স্বামীর সাথে খামারে শুকর দেখাশুনা করতো রবিন বারিক নামের একজন কর্মচারি। ইতোমধ্যে তার খামারে ৩২০টি শুকর বড় হয়। এ সময় ওই এলাকার মনির মৃধা, হাবিব, আনোয়ার, মোঃ আলীসহ ৭/৮ জনের একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারই অংশ হিসেবে চক্রটি তার স্বামী ভবেশ অধিকারীকে মাদক মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে।
এ সুযোগে চক্রটি খামারে থাকা ৩২০টি শুকুর বিক্রি করে দেয়। যার বাজার মূল্য আসে ৫০ লাখ টাকা।
বিষয়টি জানার পর তিনি খামাওে গিয়ে পশুগুলো বিক্রির টাকা ফেরৎ চান। তখন চক্রটি টাকা ফেরৎ না দিয়ে বনানীকে তার স্বামীর মত মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানোর হুমকি দেয়। এমন কি তারা অকথ্যভাষায় গালিগালাজ করে। তাছাড়া চক্রটি তাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হলে তাকে জীবনে শেষ করার হুমকি দেয়। জীবনের ভয়ে তিনি পালিয়ে চলে আসেন। এ চক্রের সদস্য মনির কেসিসির গাড়ীর চালক, হাবিব নিরাপত্তা সুপার ভাইজার, আনোয়ার ময়লা ভাগাড়েরর সুপার ভাইজার, মোঃ আলী নিরাপত্তা প্রহরী। তারা পরস্পর যোগসাজসে আরো লোকদের সাথে নিয়ে এ কাজটি করেছে বলে ভুক্তভোগী দাবি করেন।
কেসিসির নিরাপত্তা সুপার ভাইজার হাবিব বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। গত আট মাস হলো হোগলাডাঙ্গা ময়লার ভাগাড়ে যাই না।
কেসিসির প্রধানবর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আঃ আজিজ বলেন, শুকর পালনের সাথে বাইরের লোকজন জড়িত। কেসিসির কেউ জড়িত নয়। তিনি নিজেও শুকর পালনের পক্ষে নয় বলে দাবি করেন।
