ঊষার আলো রিপোর্ট : বেড়েই চলেছে খুলনায় করোনায় মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এর আগে গতকাল শনিবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
২০ জুন রবিবার সকালে খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩০ শয্যার করোনা হাসপাতালের রেড জোনে (আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়) ৬ জনের এবং ইয়ালো জোনে (উপসর্গ নিয়ে ভর্তি) ১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আইসিইউতে রয়েছে ১৮ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৫২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ জন। বর্তমানে হাসপাতালে ১৫৯ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ১৯ জুন শনিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর ল্যাবে ৬১৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ১৪২ জন, বাগেরহাটের ১১ জন, যশোরের ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, নড়াইল, গোপালগঞ্জে এবং মেহেরপুরে ১ জন করে শনাক্ত হয়েছে।
(ঊষার আলো-এম.এইচ)
