UsharAlo logo
, |

খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর সভা

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধের দাবি, অনিয়মের তদন্ত চাইলেন মিয়া গোলাম পরওয়ার

 বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর খুলনা অঞ্চল আয়োজিত এক সভায় নির্বাচন-পরবর্তী সহিংসতা, হামলা ও লুটপাটের ঘটনার অবসান এবং নির্বাচনী অনিয়মের তদন্তের দাবি জানানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি এসব ঘটনা অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ উঠেছে; এ বিষয়ে নির্বাচন কমিশনকে দ্রুত তদন্ত করতে হবে। অনিয়মের নির্বাচনে জয়লাভ করে হামলা-সহিংসতা চালানো হলে তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন দলটির নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর নুরুল হুদা ও ডা. মাহমুদুল হক, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাগেরহাট জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান এবং বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মো. ইউনুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেক্রেটারি জেনারেল তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী একটি সুদ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দলের শীর্ষ নেতাদের বিচার ও দণ্ড কার্যকর করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগে নেতাকর্মীরা বিচলিত না হয়ে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন। সকল কর্মকাণ্ড আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

ঊআ-রহমাতুল্লাহ