ঊষার আলো ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে টিকা খুঁজছে করোনায় ধুঁকতে থাকা নেপাল। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়ার কাছে আবেদন করেও পাচ্ছে না ভ্যাকসিন। প্রতিবেশী চীন-ভারতের সহায়তাও পাচ্ছে না। এ পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। মোড়ল দেশগুলো টিকার অতিরিক্ত ডোজ ধরে রাখাতেই, এই সংকটের সৃষ্টি হয়েছে।
নেপালে করোনায় আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ১শ’র বেশি মানুষ। আক্রান্ত ৫ হাজারের ওপরে। ২০২০- এর পুরোটা সময় ভালো থাকলেও ছোট এ দেশটি এখন নাকাল ভ্যারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে। পর্যটন নির্ভর এ দেশটিতে চিকিৎসক সংকট, সরঞ্জাম সংকট প্রকট। জনসংখ্যা অনুপাতে নেই চিকিৎসক। তবে তার থেকেও বড় সংকট এখন টিকা।
কয়েক ডোজ টিকার জন্য উৎপাদক দেশগুলোর কাছে আবেদন করেও কোনো লাভ হচ্ছে না।
বাধ্য হয়ে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ভ্যাকসিন সরবরাহে সহযোগিতা চেয়েছে। ৩০ মে রোববার পাঠানো এক চিঠিতে তিনি আকুল আবেদন জানান।
এর আগে তিনি টেলিফোনে কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। আলাদা চিঠিতে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সাহায্য চান বিদ্যা দেবী। ব্রিটেন, রাশিয়ার কাছেও আবেদন জারি রেখেছে দেশটি। তবে কিছুতেই কোনো কাজ হচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অচলাবস্থা ও কূটনীতির মারপ্যাঁচে খাঁদে পড়েছে দক্ষিণ এশিয়ার এ দেশটি। জাতিসংঘের উদ্যোগে কোভ্যাক্স থেকে ‘হিমালয়কন্যা’ পাবে ২০ লাখ ডোজ। এছাড়া চীনের আগে ৮ লাখের মতো ডোজ দিয়েছে। আরও কিছু ডোজ সংগ্রহ করে নাগরিকদের টিকা দিয়েছে দেশটি। তবে তা পূর্ণ-বয়স্ক ২ কোটি জনসংখ্যার জন্য নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা।
(ঊষার আলো- এম.এইচ)
