ঊষার আলো রিপোর্ট : জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হিসেবে বিভাগভিত্তিক জনসংখ্যার ঘনত্ব লক্ষ্য করলে দেখা যায়, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। প্রতি বর্গকিলোমিটারে ঢাকায় ২ হাজার ১৫৬ জন এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে ৬৮৮ জন বসবাস করে।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে সবচেয়ে জনসংখ্যার ঘনত্ব ঢাকা বিভাগে। দ্বিতীয় অবস্থানে ময়মনসিংহ বিভাগ, এ বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস ১ হাজার ১৪৬ জনের। তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী, বিভাগটিতে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ১২১ জন। এরপরের অবস্থানে রয়েছে রংপুর, বিভাগটিতে ঘনত্ব ১ হাজার ৮৮ জন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে ৯৭৯ জন, সিলেট বিভাগে ৮৭৩ জন, খুলনায় ৭৮২ জন এবং বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব ৬৮৮ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৭৪ সালে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল ৪৮৪ জন যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ১৯৮১ সালে ৫৯০ জন, ১৯৯১ সালে ৭২০ জন, ২০০১ সালে ৮৪৩ জন, ২০১১ সালে ৯৭৬ জন এবং সর্বশেষ ২০২২ সালে ১ হাজার ১১৯ জনে উপনীত হয়েছে।
বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৬২৯ জন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।
ঊষার আলো-এসএ
