UsharAlo logo
, |

মাস্টার আজগর আলী মোল্লার ইন্তেকালে জামায়াত নেতাদের শোক

Mohon Chowdhury
নভেম্বর ৬, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

 

খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ গাওসুল আযম হাদীর পিতা, দত্তগাতি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মাস্টার আজগর আলী মোল্লা (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ফুলতলা বাজার আহমাদিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের মেঝো ছেলে ড. আজিজুল হক। পরে বাড়ির পাশে ফুলতলা সরকারি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, খুলনা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সাবেক আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এদিকে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, মাস্টার আজগর আলী মোল্লা ছিলেন একজন দ্বীনদার, সৎ ও নীতিবান অভিভাবক। সমাজসেবা ও শিক্ষাবিস্তারে তাঁর অবদান স্থানীয় মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শুক্রবার বিকেলে মিয়া গোলাম পরওয়ার মরহুমের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁদের সান্ত্বনা দেন এবং খোঁজখবর নেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত ও পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

এ ছাড়া জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল ও মহানগরী, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অঞ্চল টিমের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলা ও মহানগরী শাখার নেতারা।

ঊআ-মোচৌ