ঊষার আলো ডেস্ক : রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও একই সংগঠনের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এদিকে, এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে অব্যাহতির আবেদন করেছেন পুলিশ।
অন্যদিকে, অভিযোগপত্রে অব্যাহতি দেয়া আসামিরা হচ্ছে- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। আজ (১৪ জুন) মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সোহাগের বিরুদ্ধে ধর্ষণ এবং মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চার্জশিট দাখিল করেছি। আর ভিপি নুরসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলার দায় হতে অব্যাহতির আবেদন করেছি। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় ঢাবির এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে ভিপি নুরসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
(ঊষার আলো-আরএম)
