UsharAlo logo
, |

তুমব্রু সীমান্তে আতঙ্ক

ঊষার আলো
অক্টোবর ৪, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নোম্যান্স ল্যান্ডে মাইন বিস্ফোরণে রোববার ওমর ফারুক নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে মাইন বিস্ফোরণে পা হারায় এক বাংলাদেশি যুবক। এ ধরনের ঘটনায় সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে সোমবার বিকাল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘুমধুম সীমান্তে কোনো ধরনের গোলাবর্ষণ এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। এদিকে সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বিজিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

সীমান্তবাসীরা জানান, নাইক্ষ্যংছড়ির তুমব্রু, বাইশফাঁড়ি, রেজু-আমতলী, হেডম্যানপাড়া, ফাত্তাঝিড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের নোম্যান্স ল্যান্ডের কাঁটাতার ঘেষা সীমান্ত এলাকাগুলোর বিভিন্ন পয়েন্টে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সেনাবাহিনী। রোববার তুমব্রু বাজারের পার্শ্ববর্তী কোনাপাড়া এলাকায় নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন কাঁটাতার ঘেঁষা পার্শ্ববর্তী এলাকায় চোরাই পণ্য আনতে গেলে মাটির নিচে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক (১৭) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়। আহত হয় আবদুর সাহাবুল্লাহ নামে আরেকজন। খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের এক নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, রোববার মাইন বিস্ফোরণের ঘটনাটি তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে ঘটেছে। নিহত কিশোরকে দাফন করা হয়েছে শূন্যরেখায় নির্ধারিত কবরস্থানে। তবে আহত যুবক কোথায় চিকিৎসাধীন রয়েছে সেটি জানা যায়নি।

বাইশফাঁড়ি পাড়া প্রধান কার্বারী ক্যহ্লাউ তঞ্চঙ্গ্যা বলেন, বাইশফাঁড়ি পাড়াতে পাহাড়ি-বাঙালি ৬৫ পরিবার রয়েছে। পরিবারগুলো সীমান্ত এলাকায় ধান ও সবজি চাষাবাদ করেছে। মারমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীরা জুমচাষ করেছে কাঁটাতার ঘেঁষা পাহাড়ে। সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত থাকায় বিজিবি ও প্রশাসনের কঠোর বিধিনিষেধ থাকায় খেতখামারে সপ্তাহে এক বা দুবার যেতে পারছেন। কিন্তু সীমান্তে মাটির নিচে মিয়ানমার বাহিনী মাইন পুঁতে রাখায় তারা এখন ভীষণ আতঙ্কে আছেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্ত এলাকায় একের পর এক মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে। ষোল সেপ্টেম্বর সীমান্তে চোরাইপথে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়। রোববার মাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেকজন। দুর্ঘটনা রোধে সীমান্তে জুমচাষী পাহাড়ি এবং খেতখামারি বাঙালি অধিবাসীদের যাতায়াতে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। সীমান্তে আনাগোনা কমাতে কঠোর বিধিনিষেধও তৈরি করা হয়েছে।

ঊষার আলো-এসএ