উষার আলো প্রতিবেদক : খুলনার দিঘলিয়া ওয়াইএমএ নির্মানাধীন ক্লাবের ফাঁকা জায়গায় ইমন ঢালী (১৮) নামের এক যুবক দুবৃর্ত্তদের হামলায় গুরুতর জখম শিকার হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা নাসিমা বেগম বাদী হয়ে দিঘলিয়া ২নং ওয়ার্ডের জাকার মোড়লের পুত্র এ্যালেক্স মোড়ল ওরফে আলিফ মোড়ল (২১), একই এলাকার স্বপন শেখের পুত্র সজল শেখ (২৩), বাবুল খানের পুত্র তৌহিদুল খান (২০), হুমায়ূন মোড়লের পুত্র রাকিব মোড়ল (২২), বদিরের পুত্র সাব্বির (২১) ও হাফিজের পুত্র ইমন (২৩) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
এজাহারে জানা যায়, ইমন ঢালী নিজ বাড়ি ফুলবাড়গেট মীরের ডাঙ্গা হতে জনৈক শহিদ নামের এক ব্যক্তির বাড়িতে টাকা নিয়ে যাওয়ার জন্য দিঘলিয়া উদ্দেশ্য রওনা হয়।
পূর্ব শক্রতার জের ধরে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ি, জিআইসহ বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ইমনকে জোর করে টেনে হিচড়ে নিয়ে যায়। ১নং আসামী হাতুড়ি দিয়ে ইমনকে পিছনের দিক হতে হত্যার উদ্দেশ্য আঘাত করে, পাশাপাশি গলায় রশি পেচিয়ে ধরে। একই সাথে ৩নং আসামী জিআই পাইপ দিয়ে তার বুকে আঘাত করে। ১নং আসামী ইমনের পকেটে থাকা আশি হাজার সাতশত টাকা নিয়ে যায়। এরপর অন্যান্য আসামীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকেরা এগিয়ে আসলে আসামীদ্বয় দ্রুত পালিয়ে যায়।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, বাদীর এজাহারের ভিত্তিতে ইতিমধ্যেই এজাহার নামীয় ৩নং আসামী বাবুল খানের পুত্র তৌহিদুল খান (২০) ইতিমধ্যেই গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের ব্যাপারে প্রচেষ্টা অব্যহত রয়েছে। বাকি আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান এ কর্মকর্তা।
