ঊষার আলো প্রতিবেদক : নগরীতে ওএমএস ডিলার দুর্বৃত্তদের হামলায় শিকার হয়েছে। এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর টুটপাড়া বিনোদনী হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে কে হোসেন ফার্মের ডিলার ও খুলনা জেলা ১৪ দল ও জাসদ নেতা মোঃ খালিদ হোসেন জানান।
জাসদের মহানগর কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেনের ছেলে টুটপাড়া বিনোদনী হাসপাতাল চত্বরে ওএমএস কার্ডের বিপরীতে কার্ডধারীদের মাঝে স্বল্প মূল্যে তেল, চিনি, ছোলা আর ডাল বিতরণ কার্যক্রম শুরু করেন। বিকেলে শেষ পর্যায়ে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত ঠুকনো অজুহাতে ডিলারের ছেলে কমল হোসেন শিমুলের সাথে তর্কবিতর্ক শুরু করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারধর করে তার কাছে থাকা পণ্য বিক্রির ৩০ হাজার টাকা ও গলার চেইন ছিনতাই করে নিয়ে যায়। দক্ষিণ টুটপাড়া এলাকার বিসমিল্লাহ, মামুন, হেলালের নেতৃত্বে এ চক্রটি হামলা চালায়। ভুক্তভোগীর ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনাটি খালিদ হোসেন তাৎক্ষণিক ওসি সদর থাানকে মোবাইলে জানান।
এদিকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) খুলনার যুগ্ম সমন্বয়কারী রনজিৎ কুমার ঘোষ, মহানগর শ্রমিকলীগ নেতা মোতালেব মিয়া, ১৪দলের নেতা দেলোয়ার হোসেন দিলু, তপন কুমার ঘোষ, মফিদুল ইসলাম প্রমুখ।
