ঊষার আলো রিপোর্ট : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মেন্দিপুর ইউনিয়নে আবু চাঁন (৭০) নামে ১ বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ মে মঙ্গলবার বিকেলে ইউনিয়নের বাবনিকোণা গ্রামের একটি বিল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত বৃদ্ধ মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত ধই মিয়ার ছেলে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এ সময় দেখা যায় বৃদ্ধের গলা কাটা এবং তার কোমড়ের ডান পাশে আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে আবুল মিয়া মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে মোবাইল ফোনে বলেন, বাজার করার জন্য আমার বাবা মোহনগঞ্জ আর্দশনগর সপ্তাহিক হাটের উদ্দেশ্য মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়। পরে জানতে পারি আমার বাবাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)
