ঊষার আলো ডেস্ক : পাইকগাছার সকল ক্ষেত্রে ভূ-উপরিস্থ মিঠা পানির আধার সংরক্ষণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব পানি দিবস উপলক্ষে বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে অ্যাওসেড ও পানি অধিকার কমিটি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কৃষ্ণপদ মন্ডল, ইউপি সদস্য শংকর বিশ্বাস, কয়রা পানি অধিকার কমিটির সভাপতি রাজীব কুমার বাছাড়, মাহমুদকাটি জলবায়ু সহনশীল গ্রাম কমিটির সভাপতি মানিক ভদ্র, মাহমুদকাটির গ্রামের ভি.সি.আর.পি.সি সাধারণ সম্পাদক রাজীব গাঙ্গুলী, রামনাথপুর গ্রামের ভি.সি.আর.পি.সি সভাপতি শেখ সাদেকুজ্জামান, অ্যাওসেড‘র পরিচালক মাহবুবুর রহমান, সহকারী সমন্বয়কারী হেলেনা খাতুন, ব্রাক ওয়াশ প্রকল্পের ম্যনেজার মো: রেজাউল করিম। মানববন্ধনটি সঞ্চলনা করেন খুলনা পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি।
মানববন্ধনে বক্তারা পানিকে প্রতিবেশের একটি ‘মৌলিক উপাদান’ বিবেচনায় নিয়ে সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা, পানিসম্পদে জনগণের স্বত্ত্ব ও অধিকার নিশ্চিত, ‘পানিসম্পদ ব্যবহার’ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা, বড় বড় পুকুর কেটে তা খাবার পানির সংরক্ষণস্থল তৈরি, জলাবদ্ধতা রোধে নদী, বিল ও বাওড়গুলিকে অবমুক্ত করা, মিঠা পানির আধার সংরক্ষণ,খাস পুকুর ও জলমহল লিজ দেওয়া বন্ধ করে মানুষের খাবার পানির সংকট দূর করার দাবি জানান ।
॥ শহর রক্ষা বাঁধের উদ্বোধন ॥
অবশেষে নির্মিত হতে যাচ্ছে পাইকগাছা পৌরসভার শহর রক্ষা বাঁধ। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র বিশেষ বরাদ্দ থেকে এ বাঁধ নির্মাণ করা হবে। শিবসা ব্রীজ থেকে থানা পর্যন্ত ১ কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হলে মৎস্য আড়ৎদারী মার্কেট, পোনা ব্যবসায়ী সমিতি, চিংড়ী বিপণন কেন্দ্র, থানা ও পৌর বাজার প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। উল্লেখ্য শহর রক্ষা বাঁধ না থাকায় শিবসা নদীর উপচে পড়া পানিতে প্রতিনিয়ত এসব এলাকা প্লাবিত হয়।
বুধবার (২৩ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু, এসএম তৈয়েবুর রহমান, কাউন্সিলর আসমা আহমেদ, আব্দুল গফফার মোড়ল, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, যুবলীগ নেতা এসএম রেজাউল হক, মৎস্য আড়ৎদারী মার্কেটের সভাপতি মোঃ জাকির হোসেন, এমএম আজিজুল হাকিম ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।
