ঊষার আলো রিপোর্ট : পিরোজপুরে ছবি তুলতে এসে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ২৯ মে শনিবার বিকেলে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী এলাকা থেকে অভিযুক্ত মাসুমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
পরিবার জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার ১০ম শ্রেণির ছাত্রী তার স্কুলের জন্য ছবি তুলতে ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে আসে। তখন ওই স্কুলছাত্রী একই এলাকার মোয়াজ্জেম খানের ছেলে তরিকুল ইসলামের সঙ্গে দেখা করে। এ সময় তরিকুলের খালাতো দুলাভাই দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আবদুর রহমান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার তাদেরকে দেখে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে তরিকুলকে আগে পাঠিয়ে দেয়। কিন্তু স্কুলছাত্রীকে মাসুম নিজের বাড়িতে না নিয়ে দক্ষিন ইন্দুরকানীর জব্বার মৃধার ছেলে এনামুল মৃধার বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রী ২’দিন পর কৌশলে অন্য একজনের মোবাইল দিয়ে কল করে তরিকুলকে বিষয়টি জানালে তরিকুল স্কুলছাত্রীর স্বজনদের বলেন। পরে স্কুল ছাত্রীর মামা রফিকুল ইসলাম ইন্দুরকানী থানা পুলিশের সহযোগীতায় ২৮ মে শুক্রবার রাতে এনামুলের বাড়ি থেকে তাকে উদ্ধার করে।
স্কুল ছাত্রীর নানী বলেন, আমার নাতনী এতিম। ছোট বেলায় মা মারা গেছে। বাবা অন্যত্র বিবাহ করে চট্টগ্রাম থাকে। আমার নাতনী ছবি তুলতে এসে বাড়িতে না গেলে অনেক খোজাখুঁজির ২ দিন পরে তরিকুলের মাধ্যমে জানতে পারি তাকে আটকে রাখা হয়েছে। তখন পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেছেন, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ধর্ষক মাসুমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
(ঊষার আলো- এম.এইচ)
