পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার জমিসহ রঙিন ঘর পাচ্ছে পাইকগাছার আরো ৩৬ পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ের জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে তালিকাভুক্ত ভ‚মিহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হবে।
এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এলাকার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহ নির্মাণ কার্যক্রম প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গরীব-দুঃখী-অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে সোনার বাংলা বিনির্মাণ করতে চেয়ে ছিলেন। যে স্বপ্ন আজ বাস্তবে রূপ দিয়েছেন তারই যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএনও মমতাজ বেগম বলেন, মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ইতোপূর্বে উপজেলায় প্রথম পর্যায়ে ২২০টি এবং দ্বিতীয় পর্যায়ে ৩শ’টি ভ‚মিহীন পরিবারের মাঝে জমি সহ গৃহ প্রদান করা হয়েছে। অত্র কার্যক্রমের আওতায় তৃতীয় পর্যায়ে ৯৭টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। যার মধ্যে ২৬ এপ্রিল ৩৬টি ঘর প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হস্তান্তর করা হবে।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, এমন উদ্যোগ পৃথিবীর অনেক উন্নত দেশের রাষ্ট্র প্রধান নিতে পারেননি। যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে সাহসিকতা এবং মানবিকতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগ বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীনসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
