ঊষার আলো ডেস্ক : ওমর বয়স মাত্র ৫ মাস। দখলদার ইসরায়েলের বিমান হামলায় তার মা এবং ৪ ভাইয়ের মৃত্যু হয়েছে। গত শনিবার (১৫ মে) সকালে ধ্বংসস্তূপের নিচ হতে, মৃত মায়ের কোল থেকে শিশু ওমরকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। তার পায়ের ৩ জায়গায় জখম হয়েছে। তাকে এখন গাজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তার বাবা আল হামিদি জানান, এখন পৃথিবীতে আমার এই শিশু সন্তানটি ছাড়া আর কেউ বেঁচে নেই।
তিনি বলেন, ইসরায়েলি বোমা হামলায় তার ৪ ছেলে সুহাইব (১৩), ইয়াহইয়া (১১), আবদে রাহমান (৮) ও ওসমানসহ (৬) তার স্ত্রী মাহা আবু হাত্তাবও (৩৬) নিহত হন।হাদিদি আরও বলেন, তারা সবাই আল্লাহর কাছে গেছে। আমরা আর বেশিদিন থাকতে চাই না। আমরাও খুব শিগগিরই তাদের সাথে মিলিত হবো। ইয়া আল্লাহ আপনি এটা খুব দীর্ঘ করবেন না।
টানা নয়দিন ধরে ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল।
গত মঙ্গলবার (১৮ মে) রাত ১০টা থেকে সাড়ে ১০টার ভিতর মাত্র ২৫ মিনিটের মধ্যে উপত্যকার বিভিন্ন এলাকায় ১২২টি শক্তিশালী বোমা নিক্ষেপ করে ইসরায়েল। এই হামলায় অন্তত ৬০টি যুদ্ধ বিমানের ব্যবহার করে ইসরায়েলি বাহিনী। তারা গাজায় হামাসের সুড়ঙ্গ এবং ঘাঁটি হিসেবে পরিচিত অন্তত ৬৫টি স্থানে হামলার দাবি করে।
(ঊষার আলো-এফএসপি)
