UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীগেটে পেট্রোল বোমা তৈরির প্রস্তুতির অভিযোগ, জনতার হাতে আটক ব্যক্তি

Mohon Chowdhury
নভেম্বর ২৩, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ফুলবাড়ীগেট এলাকায় পেট্রোল বোমা তৈরির প্রস্তুতির অভিযোগে লাইসুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করে মারধর করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ীগেট এলাকায় ওই ব্যক্তি পেট্রোল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে কয়েকজন তাঁকে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় পেট্রোল বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং তাঁর কাছ থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। তবে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বিএনপি ও স্থানীয় লোকজন তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করে মারধর করেছেন। আটক ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেননি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে জব্দ করা সরঞ্জাম কী উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল, কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না কিংবা এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আবুল বাশার গণমাধ্যমকর্মীদের জানান, তদন্তের স্বার্থে এ মুহূর্তে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া যাচ্ছে না। আটক ব্যক্তির পরিচয়, জব্দ করা সরঞ্জাম ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ঊআ-মোচৌ