UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে যশোরে কয়েকটি বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ২৩, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

যশোর শহরের পোস্ট অফিসপাড়া ও পুরাতন কসবা এলাকায় চারটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে মুন্সি মিনহাজ উদ্দিন সড়কের মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয়তলার জানালায় এবং সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের বাড়ির সামনে অবস্থিত তার ভাইয়ের মালিকানাধীন লাবিস্তা রেস্টুরেন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

একইসময়ে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি (পলাতক) শাহীন চাকলাদারের ভাই সাত্তার চাকলাদার ও ফন্টু চাকলাদার এবং ঘোষপাড়া এলাকায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের বাড়ি লক্ষ্য করে ৫টি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

আনোয়ার হোসেন বিপুলের ভাই অ্যাড. কামাল হাসান পলাশ জানিয়েছেন, তাদের বাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা ককটেল পাশের বাড়ির দেয়ালে বিস্ফোরিত হয়।

স্থানীয়রা বলছে, রাতে হঠাৎ একের পর এক বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘর থেকে বের হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। বিস্ফোরণের ঘটনায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালার কাঁচ ভেঙে যায়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেনসহ গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানতে চাইলে ওসি কবির হোসেন বলেন, শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং পাশের রেস্টুরেন্টের সামনে আরও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ করছে।

পুরাতন কসবা এলাকার বিষয়ে তিনি বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি, কিন্তু কোনো আলামত পাইনি।

ঊষার আলো-এসএ