ঊষার আলো রিপোর্ট : বগুড়ার গাবতলীতে বন্ধুকে ধার দেওয়া ২০০ টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে। নিহত আব্দুস সালাম (১৯) গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের সাজু প্রামানিকের ছেলে। ২১ মে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলেন, সালাম ও একই গ্রামের জীবন নামে অপর যুবক এক সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। এই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিন আগে জীবন তার বন্ধু সালামের কাছ থেকে ২০০ টাকা ধার নেয়। টাকা নেওয়ার পর থেকে সে সালামের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। মোবাইলে ফোন করলেও সে ধরে না।
শুক্রবার রাতে সালাম তার বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে পাওনা টাকা চায়। তখনই টাকা না দিলে সে জীবনের মোবাইল ফোন কেড়ে নেবে বলে হুমকি দেয়। জীবন তখন টাকা দেওয়ার কথা বলে সালামকে সঙ্গে নিয়ে কিছু দূরে গিয়ে পেটে ছুরি দিয়ে আঘাত করে। সে সময়ে সালাম চিৎকারে দিলে এলাকার লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ছুরিকাহত সালামকে হাসপাতালে নেওয়ার পথে সে তার পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত ঘটনা বলেছে।
বিষয়টি জানার পর অভিযুক্ত জীবনকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।
(ঊষার আলো- এম.এইচ)
