ঊষার আলো ডেস্ক : বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে জনপ্রিয় এ অভিনেতার বয়স হয়েছিল ৭৩ বছর।
তার ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুর সাড়ে তিনটার সময় মারা গেছেন মাহমুদ সাজ্জাদ।
এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি করোনা পজিটিভ ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, তারপর কোভিড নেগেটিভ আসে। তবে করোনা পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।
অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমান এ অভিনেতা। ভাইয়ের বিদেহি আত্মার জন্য জন্য দেশবাসী ও শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে দোয়া চেয়েছেন ম. হামিদ।
মাহমুদ সাজ্জাদ কলেজ জীবন থেকে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নাট্যচক্রের দলের হয়ে অভিনয় করেছেন। আর নিয়মিত টিভি নাটকেও অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক, সকাল সন্ধ্যা। এছাড়া বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় মাহমুদ সাজ্জাদের মেজো ভাই ম হামিদ বাংলাদেশের টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও ছোট ভাই কে এম খালিদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। মাহমুদ সাজ্জাদের স্ত্রী মমতাজ বেগম ও উপল এবং অঞ্জন নামে তাদের দুই সন্তান রয়েছে।
(ঊষার আলো-এফএসপি)
