আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি স্কুলের ছাদ থেকে পড়ে আহত সাব্বির মল্লিক (২০) নামের এক তরুন অবশেষে মারা গেছে। শুক্রবার (২৮ মে) সকালে বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সে মারা যায়। চিতলমারি উপজেলার সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয় ছাদ থেকে গত মঙ্গলবার বিকেলে সে পড়ে যায়। তাকে প্রথমে স্থানীয় বাখেরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক সেকেন্দার আলী খানের চেম্বারে নিলে তিনি দ্রুত চিতলমারি হাসপাতালে প্রেরন করেন। সেখানে অবস্থা বেগতিক হলে ওই দিনই খুলনা মেডিকেল খলেজ হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়। নিহত সাব্বির মল্লিক সন্তোষপুর ইউনিয়নের চৌদ্দহাজারি গ্রামের জাহাঙ্গীর মল্লিকের ছেলে। এলাকাবাসিরা জানায়,করোনার কারনে স্কুল বন্ধ থাকায় সাব্বির মল্লিকসহ ৩/৪ জন তরুন-যুবক মঙ্গলবার বিকেলে ওই স্কুলের ছাদে উঠে মাদক সেবন করছিল। এখান থেকে সাব্বির মল্লিক পড়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তার পরিবারের সদস্যরা এসে তাকে চিতলমারি হাসপাতালে নেয়।
পল্লী চিকিৎসক সেকেন্দার আলী খান জানান, সাব্বির মল্লিক কে স্থানীয় লোকেরা অজ্ঞান অবস্থায় আমার কাছে নিয়ে আসলে আমি তাকে দ্রুত হাসপাতালে নেয়ার বললে পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যায়। চিতলমারি থানার নবাগত ওসি এইচ এম কামরুজ্জামান শুক্রবার সকালে জানান, আমরা জানতে পেরেছি সন্তোষপুর স্কুলের ছাদ থেকে পড়ে আহত এক যুবক চিকিৎসাধিন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। পরে থানা থেকে অফিসার পাঠিয়ে বিষয়টি খোঁজ-খবর নেয়া হয়েছে। তবে স্কুলের ছাদ থেকে কিভাবে পড়ল বা তার সাথে কারা ছিল এখনও জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে কেহ কোন অভিযোগ এখনও করেনি। কোন অভিযোগ পেলে আইনগত পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
(ঊষার আলো-এমএনএস)
