বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা সদরের পৌর শহর থেকে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধারসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতারের ঘটনায় পুলিশ সুপার প্রেস ব্রিফিং করেছেন।
শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ অফিসে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম। প্রেস বিফিংএ এসপি বলেন, বাগেরহাট শহরতলীর হাড়ীখালি এলাকায় সিরাজুল ইসলাম মনোক নামের একজন ঠিকাদার কে গুলি করার সুত্র ধরে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। ঘটনার পরপরই শহরের চিহ্নিত সন্ত্রাসী দুলাল আকন কে ফরিদপুর থেকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে একটি অস্ত্র উদ্ধার করা হয়। পরে তারই স্বীকারোক্তি নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বৃহস্পতিবার শহরের সরুই এলাকার গোলাম মোস্তফার ছেলে মানিক হাওলাদার(৩০) ও একই এলাকার মেছের সরদারের ছেলে রুবেল সরদার (৪০) কে আটক করে।
এ দুজনের স্বীকারোক্তি মতে শুক্রবার ভোরে শহরের সরুই এলাকার সাইদুর কাজীর ছেলে মাহফুজ কাজী ও সরুই আলিয়ামাদ্রাসা রোডের এবাদুল তাুলকদারের বাসা থেকে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১২ রাউন্ড তাজা গুলি, ৩ টি ম্যাগজিন, ২ টি চাইনিজ কুড়াল ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনা গোয়েন্দা পুলিশের এসআই গাজী ইকবাল বাদী হয়ে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক সন্ত্রাসীদের আশ্রয়দাতা, শেল্টারদাতা ও সহযোগিদের তথ্য পেতে আসামিদের আদালতে প্রেরন করে রিমান্ড আবেদন করা হবে। পরবর্ত্তিতে সকলকেই আইনের আওতায় আনা হবে বলে পুলিশ সুপার জানান।
(ঊষার আলো-এফএসপি)
