বাংলা ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে- এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, ২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। ১৯৫২ সালে ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন শাসকগোষ্ঠীর নির্দেশে মিছিলকারীদের ওপর গুলি চালানো হলে অনেকেই শাহাদাতবরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, যা ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর তারের পুকুরস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরী নায়েবে আমীর নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, শেখ ইউনুস আলী, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, আব্দুল আউয়াল, ডা. হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর, মোয়েজ্জম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করছে যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত মোকাবিলার আহ্বান জানান তিনি।
ঊআ-রহমাতুল্লাহ
