ঊষার আলো রিপোর্ট : মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা গ্রামের একটি কাঠবাগান থেকে সিনহা আক্তার (৭) নামে ১ স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২২ মে শনিবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী সিনহা পশ্চিম শানবান্দা গ্রামের আব্দুল হালিমের মেয়ে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সিনহার বাবা আব্দুল হালিম বলেছেন, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলো সিনহা। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পরে সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি কাঠবাগানে সিনহার মৃতদেহ দেখতে পেয়ে খোঁজ দেন স্থানীয়রা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেছেন, গলায় গামছা পেচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সর্ম্পকে মন্তব্য করা যাবে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেছেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)
