UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

ঊষার আলো
মে ৩০, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : জাতীয় পরিচয় পত্র সংশোধনের নামে পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাইকগাছার ১২৩নং শিবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ মন্ডল। তিনি রোববার (৩০ মে) সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে বলেন, গোলবুনিয়া গ্রামের মৃত ভরত সরদারের ছেলে বিষ্ণুপদ সরদার তার নিজের জাতীয় পরিচয় পত্রে জন্মতারিখ ভুল ছিল। ভুল সংশোধনের জন্য তিনি আমার স্কুলের সহকারী শিক্ষক পঙ্কোজ কুমার মন্ডলের সহযোগিতা নেন। শিক্ষক পঙ্কোজের পরামর্শে ও সহযোগিতায় বিষ্ণুপদ সংশোধন ফরম পুরন করে সোনালী ব্যাংকে সরকার নির্ধারিত টাকা জমা পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দেন। পরবর্তীতে বিষ্ণুপদ তার সংশোধিত জাতীয় পরিচয় পত্র যথা সময়ে হাতে পান। সংশোধনের নামে কোন টাকা পয়সা লেনদেন হয়ে থাকলে এ সম্পর্কে শিক্ষক পঙ্কোজ কুমার কিছুই জানেন না। পরবর্তীতে জাতীয় পরিচয় পত্র সংশোধনের এ বিষয়টি কেন্দ্র করে বিষ্ণুপদ ষড়যন্ত্র মূলকভাবে সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য সরবরাহ করে। যার প্রেক্ষিতে গত ২৫ মে যশোরের একটি আঞ্চলিক পত্রিকায় শিক্ষক পঙ্কোজ কুমারকে জড়িয়ে প্রশাসনকে ভয় দেখিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে একজন শিক্ষকের সম্মান চরমভাবে ক্ষুন্ন হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ মন্ডল।

(ঊষার আলো-এমএনএস)