ঊষার আলো স্পোটর্স ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে। সাকিব আসলেও অনুশীলনে দেখা যায়নি মোস্তাফিজকে।
আজ ১৯ মে বুধবার সকাল সাড়ে ১০টায় টিম বাসে করে হোম অব ক্রিকেটে আসেন তামিম বাহিনী। এ সময়ে মাঠে ঢুকেই সেন্টার উইকেটের কাছে চলে যান তামিম, মুশফিক এবং সাকিব। দীর্ঘক্ষণ পিচ নিয়ে কথা বলে তারা। সঙ্গে ছিলেন কোচিং স্টাফ এবং কিউরেটর গামিনি ডি সিলভা।
পরে ওয়ার্ম আপ শেষে ফিল্ডিং অনুশীলন করে এক গ্রুপ। আরেক গ্রুপ চলে যান ইনডোরে স্কিল ট্রেনিংয়ে। সেখানে মোসাদ্দেক আর বিপ্লবকে নিয়ে মাহমুদউল্লাহকে অনেকটা সময় বোলিং করে সাকিব আল হাসান। পুরো সেশনটা দেখভাল করে মিজানুর রহমান বাবুল।
পরে সেখানে যোগ দেন তামিম এবং ডমিঙ্গো। এর আগে সেন্টার উইকেটে পেসারদের বলে ব্যাটিং করে তামিম।
(ঊষার আলো- এম.এইচ)
